
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর রাজপাড়া থানার কাদের মণ্ডলের মোড় এলাকার একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তরুণীর নাম রোজিনা সরকার পাখি (২১)। তিনি প্রায় দুই বছর ধরে তার পালিত মা রোজী খাতুন (৪০)-এর সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি সাপাহার উপজেলা। তার বাবার নাম ইদ্রিস আলী।
পুলিশ সূত্রে জানা যায়, আত্মহত্যার আগে রোজিনা তার নিজস্ব ফেসবুক আইডি থেকে লাইভে আসেন এবং একাধিক পোস্টে আত্মহত্যার ইঙ্গিত দেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—এক যুবকের সঙ্গে সম্পর্কজনিত মনোমালিন্যের জেরে তিনি এ পথ বেছে নেন। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
Leave a Reply