
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া এলাকার করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ জুন) দুপুর দেড়টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারকৃত যুবকের আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে জানান তিনি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে, নিহতের পরিচয় শনাক্তে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
Leave a Reply