নিজস্ব প্রতিবেদক,
নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে বদলগাছী উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্র জানায়, ২৬ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নওগাঁ জেলার বদলগাছী থানাধীন হাশিমপুর গ্রামে লিটন মন্ডলের বাড়ির সামনে কিছু ব্যক্তি মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা নওগাঁর একটি বিশেষ টিম তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালায়।
অভিযানকালে প্রধান আসামি লিটন মন্ডল (৪২), পিতা জিন্না মন্ডল, সাং হাশিমপুর, থানা বদলগাছী, জেলা নওগাঁর হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে।
এ সময় মাদক বিক্রয়ে সহায়তাকারী হিসেবে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো অনিকচন্দ্র (২০), পিতা ভবেশ চন্দ্র, সাং তেজাপাড়া;
আসিক চন্দ্র বর্মন (২০), পিতা রঞ্জিত চন্দ্র বর্মন, সাং সাদিসপুর; পনি চন্দ্র বর্মন (২১), পিতা নিহার রঞ্জন বর্মন, সাং মুক্তিনগর এবং জয়ন্ত রায় (২১), পিতা আনন্দ রায়, সাং মুক্তিনগর। গ্রেপ্তারকৃত সকলের থানা বদলগাছী, জেলা নওগাঁ।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলা গোয়েন্দা শাখা নওগাঁর পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
Leave a Reply