
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
জনবান্ধব ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার প্রত্যয়ে নওগাঁর বদলগাছীতে অনুষ্ঠিত হয়েছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় ভূমিসেবা সহজীকরণ ও ডিজিটাল ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) বদলগাছী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর- বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। তিনি বলেন, ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনার বিকল্প নেই। সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আংশিক খাজনা গ্রহনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আগামী দিনে সংসদ অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হবে বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। তিনি বলেন, অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা ও হয়রানি কমানো সম্ভব। এ ধরনের মেলা ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, বদলগাছী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী।
অনুষ্ঠানে বিভিন্ন স্টল পরিদর্শনের পাশাপাশি ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতা ও অংশগ্রহণমূলক কার্যক্রমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
দিনব্যাপী আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মেলায় ভূমি সংক্রান্ত সেবা সহজ ও নাগরিকবান্ধব করার নানা উদ্যোগ তুলে ধরা হয়।
Leave a Reply