
আহসান হাবীব শিপলু, নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
২৪ এপ্রিল (বৃহস্পতিবার) উপজেলার পাহাড়পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ১৪ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হলেন, বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বিশপাড়া গ্রামের মো. বাবুল মণ্ডলের ছেলে আসাদুল ইসলাম (৫২) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চৌধুরীপাড়া গ্রামের মৃত আক্কাস আলী সরদারের ছেলে মো. আব্দুল মজিদ হিরা (৪৭)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে র্যাব সদস্যরা পাহাড়পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে নওগাঁ জেলায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন।
বিজ্ঞপ্তিতে আরও জানান, অভিযানের সময় আসাদুল ও মজিদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ১৪ পিস টাপেন্টাডল, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, নগদ ৮ হাজার ৮শ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় একটি মামলা রুজু করে আসামিদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply