
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলা সমাজসেবা অফিসের রোগী কল্যাণ কমিটির বরাদ্দ ও কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তার জন্য সরকারি বরাদ্দ থাকলেও বাস্তবে রোগীরা কোনো সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, ২০১১ সালে ২৩ সদস্যের একটি রোগী কল্যাণ কমিটি গঠন করা হয়। কমিটির নামে প্রতিবছর সরকারি বরাদ্দ আসে। উদ্দেশ্য ছিল দুঃস্থ রোগীদের চিকিৎসা ব্যয়, ওষুধ ও প্রয়োজনে দাফন সহায়তা প্রদান। তবে স্থানীয় রোগী, স্বাস্থ্যকর্মী ও কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, তারা এসব সহায়তার কোনো নজির দেখেননি।
ব্যাংক হিসাবে বর্তমানে ১ লাখ ৬১ হাজার ৯২ টাকা জমা রয়েছে বলে জানা গেলেও পূর্ববর্তী বছরের বরাদ্দের ব্যয়ের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০২৪–২৫ অর্থবছরে কমিটির তহবিল থেকে প্রায় ৫২ হাজার টাকার স্যালাইন সরবরাহ করা হয়েছে। এর বাইরে রোগীদের সরাসরি সহায়তার কোনো তথ্য তাদের কাছে নেই।
এদিকে কমিটির সভার নথিতে জাল স্বাক্ষরের অভিযোগ উঠেছে। মৃত সদস্যের উপস্থিতি ও স্বাক্ষর এবং এক মুসলিম সদস্যের পিতার জায়গায় হিন্দু মানুষকে দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন বর্তমান সদস্যরা। এতে ভুয়া কমিটি দেখিয়ে সরকারি অর্থ লুটপাটের আশঙ্কা করছেন স্থানীয়রা।
বদলগাছী সমাজসেবা অফিসের বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আল মামুন বলেন, তিনি সম্প্রতি দায়িত্ব নিয়েছেন এবং আগের বিষয়ে অবগত নন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি সাংবাদিকদের জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
স্থানীয়দের দাবি, অসহায় রোগীদের জন্য বরাদ্দকৃত তহবিলের সঠিক হিসাব প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
Leave a Reply