
নিজস্ব প্রতিবেদক, বদলগাছী (নওগাঁ)
বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের চাংলা গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলা প্রেসক্লাব বদলগাছী’র সাবেক সভাপতি মোশাররফ হোসেন পিন্টুর বাড়ির গোয়ালঘর থেকে একটি গাভী ও চার মাস বয়সী বাছুর চুরি হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি অনুযায়ী, চুরি যাওয়া পশুর বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা।
ভুক্তভোগীর ছেলে মো. শিহাব হোসেন জানান, শুক্রবার রাত আনুমানিক সোয়া ৩টার দিকে গোয়ালঘরের বাছুরের চিৎকার শুনে তিনি জেগে ওঠেন। বাইরে গিয়ে দেখেন গোয়ালঘরের দরজা খোলা এবং গাভী ও বাছুর নেই। দরজার বাহিরে এসে তিনি একটি মিনি ট্রাক দেখতে পান, যাতে সাতজন ব্যক্তি ছিল এবং তারা দ্রুত বদলগাছীর দিকে চলে যায়। পরে প্রতিবেশীর সহযোগিতায় মোটরসাইকেলে করে ট্রাকটির পিছু নেওয়া হয় এবং তারা জয়পুরহাট পর্যন্ত যান। তবে ট্রাকটি ধরতে পারেননি।
তিনি বলেন, তার বাবা প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় পরিবারের আর্থিক দায়িত্ব তার ওপর। গরুগুলো চুরি হওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এলাকায় গরুসহ অন্যান্য চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এলাকাবাসি পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, “এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply