
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টিভেজা বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এদিন উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিনামূল্যে ১৩জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ, উপজেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন যন্ত্রাংশ বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তার কার্যক্রমের জন্য ওজন মাপা মেশিন ও ব্লাড প্রেসার মেশিন বিতরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত সংক্রমণ কিট সরবরাহ, উপজেলার খাস পুকুর/ভিপি সম্পত্তিতে সাইনবোর্ড স্থাপন কাজের উদ্বোধন, অনুষ্ঠিত ভ’মি মেলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নারী ফোরামের ব্লকবাটিক প্রশিক্ষণের উদ্বোধন ও ব্লক বাটিক কাজের সামগ্রী বিতরণ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে অপারেশন টেবিলসহ বিভিন্ন কিট বিতরণ কার্যক্রমের উদ্বোধন, উপজেলা ভূমি অফিস পরিদর্শন এবং সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এদিন বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে একটি গাছ রোপন শেষে কাশিমপুর রাজবাড়ি এলাকায় কাশিমপুর-মিরাট ইউনিয়ন ভূমি অফিসের নতুন দ্বি-তল বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে সারা দেশে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প ২য় পর্যায় প্রকল্পের আওতায় প্রায় ১কোটি ১০লাখ টাকা ব্যয়ে এই ভ’মি অফিস ভবন নির্মাণ করা হচ্ছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন অংকুর, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র সরকার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, অন্যান্য দপ্তরের প্রধান, কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধিজন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply